

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিখোঁজ যুবক মো. ফুয়াদ হাসান সাকিবকে জীবিত উদ্ধার, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় ধর্মঘর ইউনিয়নের কালির বাজার ও হরষপুর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ জনতা হরষপুর রেলস্টেশনে প্রায় ৮ মিনিট কালনি এক্সপ্রেস ট্রেন অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও যুব সংগ্রাম পরিষদের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সমাজসেবক সোহেল মিয়া, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফুয়াদ হাসান সাকিবের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তারা আরও বলেন, পরিবারের দাবি অনুযায়ী সাকিব নিখোঁজ বা গুমের শিকার হয়ে থাকতে পারেন। তাই প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং রহস্যের অবসান ঘটানোর জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে ফুয়াদ হাসান সাকিবকে দ্রুত জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ফুয়াদ হাসান সাকিবের সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।