বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তব্য বিকৃতির শিকার সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজ
expand
সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজ

সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজের একটি বক্তব্যের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের দাবি, তার বক্তব্যের একটি খণ্ডিত অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। অন্যদিকে, এই বক্তব্যের প্রতিবাদে স্থানীয় ওলামা মাশায়েখ পরিষদ বিক্ষোভ সমাবেশ করলেও, জেলা বিএনপি এক বিবৃতিতে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব ও সংগঠনগুলোর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ (পলাশ) এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।

সভায় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমি বারবার সব জায়গায় বলছি, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে হবে। প্রত্যন্ত এলাকাতেও খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে হবে। আপনারা যারা ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক আছেন, তারা ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে কাজ করবেন। অনেকেই বলে সাতক্ষীরায় যে ধর্মান্ধতা চলে এসেছে, তাহলে সেটা আর বলবে না।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের এই বক্তব্যের ‘ধর্মান্ধতা’ সংক্রান্ত কেবল একটি খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিভিন্ন আইডি ও পেজে নেতিবাচক সমালোচনা শুরু হয়।

এদিকে এই বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে এক বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের এই বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (২৪ জুন) বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে ত একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ (পলাশ) এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা দুঃখজনক। জেলা প্রশাসক ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীকে হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারের গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বক্তব্যের আংশিক ও বিকৃত উপস্থাপনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কোনো বক্তব্যকে তার প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা না করে ভিন্নভাবে প্রচার করা দায়িত্বশীলতার পরিপন্থী। জেলা বিএনপি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সবাইকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়নের আহ্বান জানায়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক কবি। তার স্মরণে এ বছর নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। সরকারের প্রতিনিধি হিসেবে জেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমিকে সঙ্গে নিয়ে আমরা নজরুল বর্ষের কর্মসূচি বাস্তবায়ন করছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

তিনি আরও বলেন, আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। পুরো বক্তব্য দেখলে বিষয়টি সবার কাছে স্পষ্ট হবে।

স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অসাম্প্রদায়িক ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে দেওয়া একটি ইতিবাচক বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে একটি নির্দিষ্ট মহল। মূল প্রেক্ষাপট আড়াল করে সামাজিক ও ধর্মীয় বিভেদ সৃষ্টির এই অপচেষ্টা রুখে দিতে এবং যেকোনো তথ্য যাচাই না করে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup