বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’ গলাকাটা অবস্থায় উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’
expand
সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৪০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন।

বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তারা সাইদের গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহের পাশ থেকে একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা, পূর্ব বিরোধ কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup