রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাসের শিশুকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
আহত ১১ মাসের শিশু
expand
আহত ১১ মাসের শিশু

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ১১ মাস বয়সী এক শিশুকে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম সাহাবীর হোসেন। সে গ্রামের বাসিন্দা আসাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও শিশুটির পরিবার জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন প্রতিবেশী ইসমাইল (৪০) ও তার স্ত্রী রেক্সোনা (৩৫)। মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ায় রবিবার সকালে আসাদুল ইসলাম তাদের মাদক ব্যবসা বন্ধের দাবি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইসমাইল ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি নিয়ে আসাদুল ইসলামের ওপর হামলা চালান।

অভিযোগ রয়েছে, আসাদুল ইসলাম নিজেকে রক্ষার চেষ্টা করলে তার কোলে থাকা ১১ মাস বয়সী শিশু সাহাবীরের ডান পায়ে কাঁচির আঘাত লাগে। এতে শিশুটির পা গভীরভাবে কেটে যায় এবং গুরুতর জখম হয়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ধারালো অস্ত্রের আঘাতে শিশুটির ডান পায়ের হাঁটুর নিচের অংশ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতটি হাড় পর্যন্ত পৌঁছেছে। শিশুটির পা রক্ষায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup