রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
expand
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে অছাত্র, মাদক ব্যবসার সঙ্গে জড়িত, ইভটিজিংকারী ও বিতর্কিত টিকটকারকে স্থান দেওয়া হয়েছে। এ কারণে তারা কমিটিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান।

রোববার দুপুরে সিটি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের বিভিন্ন ভবন ও প্রশাসনিক অংশ প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গঠিত নতুন কমিটিকে ঘিরে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, কমিটিতে অন্তর্ভুক্ত অনেককে সাধারণ শিক্ষার্থীরা চেনেন না এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না।

বক্তারা অভিযোগ করেন, কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, নারী বিদ্বেষী আচরণ এবং শিক্ষার্থী পরিচয়ের বাইরে থাকার অভিযোগ রয়েছে। এছাড়া কিছু সদস্য বিবাহিত এবং সন্তানের বাবা হওয়ায় ছাত্ররাজনীতির প্রচলিত নীতিমালার সঙ্গে তা সাংঘর্ষিক বলেও দাবি করেন তারা।

সমাবেশ থেকে মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের কাছে নবগঠিত কমিটির গঠন প্রক্রিয়া তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম সহ্য করা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, নবগঠিত কমিটির নেতাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মাঠে থেকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। অন্যথায় তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মনসহ অন্যান্য নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup