

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার তিতাস থানার প্রধান ফটকের সামনে অভিযোগকারী পক্ষের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের সেই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধরা পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে তিতাস থানার গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বুধবার সকালে উভয় পক্ষ অভিযোগ দিতে থানায় আসে। অভিযোগ দায়ের শেষে থানা থেকে বের হওয়ার সময় দুই পক্ষের মধ্যে ফের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ভাইরাল ভিডিওতে কয়েকজনকে সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় শাহ আলম (৪৩) বাদী হয়ে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারী-পুরুষসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় অভিযোগ দায়ের শেষে বাড়ি ফেরার পথে থানার গেটের সামনেই তারা আবারও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক এনপিবি নিউজকে জানান, রান্নাঘর নিয়ে দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পূর্বে বিষয়টি মীমাংসা হলেও বুধবার উভয় পক্ষ থানায় এলে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।