রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে ২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের কারীর হাট দাখিল মাদ্রাসায় গত ২২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রায় ৩০০ শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ না থাকায় পাঠদান, অফিস কার্যক্রম ও শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় নুরা শেখের বাড়ির ওপর দিয়ে মাদ্রাসার বিদ্যুৎ লাইন নেওয়া হয়েছিল। প্রায় ২২ দিন আগে বিদ্যুৎ সংযোগ পুড়ে যায়। পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তারা বাধা দেয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি অন্ধকারে রয়েছে।

তারা জানান, বারবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারীরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে।

স্থানীয়রা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত সমস্যার সমাধান করে মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তারা।

কারীর হাট দাখিল মাদ্রাসার সুপার মো. এবিএম রাইসুদ্দিন বলেন, গত ২২ দিন ধরে মাদ্রাসাটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বারবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। এতে প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করে মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত নুরা শেখের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সদরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ পুড়ে যাওয়ার পর নতুন করে সংযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট বাড়ির ওপর দিয়ে লাইন নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু বাড়ির লোকজন কোনোভাবেই তাদের বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ লাইন নিতে দিচ্ছেন না। তবে বিষয়টি সমাধানে আমরা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি, দ্রুত এর একটি সুরাহা হবে।

এ বিষয়ে সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। মাদ্রাসাটিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা, যেন শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup