

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড়ে শহীদ মিনারের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি রক্ষার্থে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই নাশকতা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) ভোররাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে কোনো এক সময় ৩-৪ জনের একদল যুবক টাউন হল মোড়ের স্মৃতিস্তম্ভটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আগুন দেওয়ার সময় এক যুবক বলছেন, ‘স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’
ভিডিওর শেষাংশে তাদের আরও বলতে শোনা যায়, ‘নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার স্মরণে, ভয় করি না মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এদিকে ঘটনার খবর পেয়ে সকালে সুধারাম মডেল থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।
নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ‘ভোররাতে কোনো এক সময় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাশকতার সাথে জড়িতদের সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে সনাক্ত করার চেষ্টা চলছে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
এই ঘটনায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ভিডিও দেখে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।