বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পাল্টাপাল্টি মামলায় স্বামী-স্ত্রী দু’জনই কারাগারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে এক দম্পতির একে অপরের বিরুদ্ধে করা পাল্টাপাল্টি মামলায় দুইজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অদালত সূত্রে জানা যায়, শ্বশুরের করা চুরির মামলায় নাসিমা আক্তার এবং নাসিমার করা যৌতুকের মামলায় স্বামী সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমনের সঙ্গে গত বছরের অক্টোবরে বিয়ে হয় একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারের। তবে বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহায়তায় চার ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

নাসিমার শশুর অর্থাৎ সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমার বিরুদ্ধে চুরির মামলা করেন। এদিকে স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেন নাসিমা আক্তার।

দুটি মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় বিচারক একাধিকবার উভয় পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় বুধবার শুনানিতে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন।

শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য ও মামলার নথি পর্যালোচনা করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ বলেন, দুই মামলায়ই স্বামী-স্ত্রী জামিনে ছিলেন। আদালত মীমাংসার জন্য পর্যাপ্ত সময় দিয়েছিলেন। কিন্তু সমাধান না হওয়ায় আদালত উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন