

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলীয় মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজিব ওরফে নয়ন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাকহাটি গ্রামের একটি মসজিদসংলগ্ন মুদি দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিফাত নামে এক ব্যক্তি ওই মুদি দোকানে অস্ত্র রেখে এলাকায় মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দোকানটিতে অভিযান চালায়।
অভিযানকালে দোকানদার রাজিব ওরফে নয়ন দাবি করেন, সিফাত নামে এক ব্যক্তি অস্ত্রটি তার দোকানে রেখে গেছেন। পরে পুলিশের উপস্থিতিতে তিনি দোকানের ফ্রিজ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি বের করে দেন। এ সময় অস্ত্র ও গুলি জব্দের পাশাপাশি তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আহম্মেদ রাসেল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সিফাত নামে এক ব্যক্তি ওই দোকানে অস্ত্র রেখে গেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয় এবং যার দোকান থেকে অস্ত্রটি পাওয়া গেছে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানায়, অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।