বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৩৫ জন এইডস শনাক্ত, মৃত্যু ৬ জনের

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যশোর জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নতুন করে ৩৫ জন এইচআইভি (এইডস) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের উল্লেখযোগ্য অংশ প্রবাসফেরত ব্যক্তি ও স্থানীয় কলেজ শিক্ষার্থী হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বুধবার (১০ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক ওরিয়েন্টেশন শেষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি এসব তথ্য জানান। স্থানীয় ও জাতীয় পর্যায়ের মেডিকেল বিটে কর্মরত সাংবাদিকদের জন্য এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

তিনি জানান, চলতি বছরের ৫ জুন পর্যন্ত শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে ৮ জন বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসী, ৫ জন যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ১০ জন সমকামী এবং ৬ জন অন্যান্য সাধারণ নাগরিক। এ সময় ১ হাজার ২০০–এর বেশি ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

ডা. আহসান কবির বাপ্পি বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি এখন সাধারণ মানুষের মধ্যেও এইচআইভি সংক্রমণের হার বাড়ছে। সময়মতো কাউন্সেলিং ও সচেতনতা কার্যক্রম জোরদার না করা হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

ওরিয়েন্টেশনে ডা. একেএম রাফিদ হোসেনের উপস্থাপনায় বক্তব্য দেন যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. হাবিবা সুলতানা ফোয়ারা এবং এইচআইভি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমা এ্যানিসসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা।

আলোচকরা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার রক্ষা এবং নৈতিকতা বজায় রেখে স্বাস্থ্য সাংবাদিকতা করা সময়ের দাবি। সামাজিক বৈষম্য দূর করা, সঠিক তথ্য প্রচার এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন