বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বেইলি ব্রিজ ধসে ঢাকা–পাথরঘাটা সড়ক বন্ধ

​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:০৮ পিএম
পিরোজপুরে বেইলি ব্রিজ ধসে ঢাকা–পাথরঘাটা সড়ক বন্ধ
expand
পিরোজপুরে বেইলি ব্রিজ ধসে ঢাকা–পাথরঘাটা সড়ক বন্ধ

​পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই পথে যাতায়াতকারী হাজার হাজার সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা।

​মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটিতে আলুবোঝাই একটি ট্রাক ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যেই অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ‘বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এটি ব্যবহার করেন। ব্রিজটি ধসে যাওয়ায় এখন কোনো ধরনের মালামাল পরিবহন করা যাচ্ছে না, এমনকি জরুরি রোগী পরিবহনও পুরোপুরি বন্ধ রয়েছে।’

​দুর্ঘটনার বিষয়ে মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার জানান, ‘ঢাকা-পাথরঘাটা মহাসড়কের ওই বেইলি ব্রিজটির সর্বোচ্চ ধারণক্ষমতা ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটিতে এর চেয়ে অনেক বেশি লোড থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে।’

​তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে জেলার সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন