রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অভিযোগে মাথায় আঁকা হলো আর্জেন্টিনার পতাকা!

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
চুরির অভিযোগে যুবকের মাথায় আঁকা হলো আর্জেন্টিনার পতাকা
expand
চুরির অভিযোগে যুবকের মাথায় আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে তার মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে প্রকাশ্যে এনে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। শুধু তাই নয়, তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশাও আঁকা হয়।

ঘটনার সময় বাজারে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় জমে। এ সময় উপস্থিত কেউ কেউ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়দের একাংশ ঘটনাটিকে ব্যতিক্রমী শাস্তি হিসেবে দেখলেও অপর একটি অংশ এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হিসেবে মন্তব্য করেছেন।

তাদের মতে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাকে অপদস্থ না করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা উচিত।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক সমাবেশের মাধ্যমে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই সঠিক পন্থা।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের জনসম্মুখে অপদস্থ করার ঘটনাকে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন