মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:৫৭ পিএম
মিরসরাই মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড
expand
মিরসরাই মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন করায় ছেলের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদকের টাকার জন্য নিজের জন্মদাত্রী মা ও পরিবারের সদস্যদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানোর অভিযোগে ইমাম হোসেন (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

সোমবার (৪ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের আর্তনাদে পরিস্থিতি চরমে পৌঁছালে প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। মাদক সংগ্রহের জন্য প্রায়ই তিনি তার মা কহিনুর বেগমের কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে ক্ষিপ্ত হয়ে উঠতেন এবং মা ছাড়াও পরিবারের অন্য সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, ইমাম হোসেনের এমন আচরণে তারা দীর্ঘদিন ধরে ভয়ে ও আতঙ্কে জীবনযাপন করছিলেন। প্রতিবেশীরাও তার মাদকাসক্তি ও সহিংস আচরণে অতিষ্ঠ হয়ে ওঠেন। ঘটনার দিনও তিনি মাদকের টাকার জন্য মায়ের ওপর চড়াও হয়ে মারধর শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঘটনাস্থলেই প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ইমাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকর করার জন্য দণ্ডপ্রাপ্তকে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকাসক্তদের বিরুদ্ধে এ ধরনের দ্রুত ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিবারে সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন