সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে পানিতে চুবালেন আ.লীগ কর্মী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় বিএনপির এক নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ শফিক উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

এঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। সোমবার (৩০ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার মেহেদী হাসান তার বাড়ির সামনে বিলে জমিতে ঘাস কাটতে যান। ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল মিয়া ও তার ভাইয়েরা মিলে তাকে মারধর করে এবং পানিতে চুবিয়ে নির্যাতন করে বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লিখিত অভিযোগে একই গ্রামের মো. সোহেল (৩৫) তার ভাই মো. কায়েস (২৮), কাউসার (৩০) ও মো. সাগর (২২)-কে আসামি করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে রোববার মদন পৌরশহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। অভিযুক্ত সোহেল মিয়া বলেন, মেহেদী হাসান আমার চাষকৃত জমিতে ঘাস কাটছিল। আমি এতে বাঁধা দেই। এর পর তার সাথে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগটি মিথ্যা।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন