সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ওভারের নাটকীয়তায় মুস্তাফিজদের হারাল করাচি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:১৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শেষ ওভারের নাটকীয়তায় নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল করাচি কিংস। মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে ৪ উইকেটে হারিয়েছে দলটি। যদিও বল হাতে নজর কেড়েছেন মোস্তাফিজুর তবে শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে লাহোর কালান্দার্স। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ৩ রান। ২ বলে ১ রান করে ফেরেন ফখর জামান, আর মোহাম্মদ নাঈম করেন ১২ বলে ১৩ রান।

তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আব্দুল্লাহ শফিক। ২৪ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেললেও তাকে সঙ্গ দিতে পারেননি অন্যরা। পারভেজ ইমন ১২ বলে ১২ রান করে বিদায় নেন, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লাহোর।

মাঝের দিকে হাসিবউল্লাহ খান ৩০ বলে ২৮ এবং সিকান্দার রাজা ২১ বলে ১৯ রান করলেও ইনিংসে গতি আসেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানেই থামে লাহোর। শেষ দিকে নেমে মোস্তাফিজুর রহমান ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।

করাচির বোলারদের মধ্যে মঈন আলী, মীর হামজা ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন। এছাড়া হাসান আলী, সালমান আঘা ও আব্বাস আফ্রিদি একটি করে উইকেট শিকার করেন।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুটা ভালো হয়নি করাচি কিংসের। দলীয় ১০ রানে ৯ বলে ৮ রান করে আউট হন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। একই ওভারে শূন্য রান করে ফেরেন সালমান আঘা। দুজনকেই ফিরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি।

পাওয়ারপ্লেতে ২ উইকেটে মাত্র ২৭ রান তোলে করাচি। এরপর মোহাম্মদ ওয়াসিম ও সাদ বেগ জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৮ম ওভারে বল হাতে এসে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান দিয়ে সাদ বেগকে (২১ বলে ১৯) ফিরিয়ে দেন তিনি।

পরের স্পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

মাঝের দিকে ওয়াসিম ৩৭ বলে ৩৮ রান করে দলকে এগিয়ে নেন। মঈন আলী করেন ২১ বলে ১৮ রান। শেষ দিকে আজম খান ও খুশদিল শাহ চেষ্টা চালিয়ে যান।

শেষ ওভারে জয়ের জন্য করাচির দরকার ছিল ১৪ রান। হারিস রউফ বল করতে এলে শুরুতেই বলের আকৃতি পরিবর্তনের কারণে লাহোরকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়, ফলে সমীকরণ নেমে আসে ৬ বলে ৯ রানে।

এরপর প্রথম বলেই খুশদিল শাহকে ফিরিয়ে জমিয়ে তোলেন রউফ। তবে নতুন ব্যাটার আব্বাস আফ্রিদি নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। একটি চার ও পরের বলে ছক্কা হাঁকিয়ে ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন তিনি।

করাচি কিংস ৪ উইকেটে জয় তুলে নেয়। লাহোরের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাহীন শাহ আফ্রিদি, ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ও হারিস রউফ একটি করে উইকেট শিকার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন