

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদ্যুৎ খাতে স্বচ্ছতা বাড়ানো এবং গ্রাহকদের আর্থিক চাপ কমাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটার ব্যবস্থায় অতিরিক্ত চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মিটারের মাসিক চার্জ পুরোপুরি বাতিল করা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ সেবায় স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকদের ভোগান্তি কমবে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ খাতে কেটে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন গ্রাহকেরা।
অভিযোগ রয়েছে, মিটারের দাম আগেই উঠে গেলেও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনাও দেখা যায়।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের চাপ গ্রাহকদের ওপর পড়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই চাপ কমানোর পাশাপাশি খাতে জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
