

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অগ্নিসংযোগ করে দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মসজিদের নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিলেন মুসল্লিরা। সে অনুযায়ী শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের আগে সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদে আলোচনা শেষে পুরাতন কমিটি ভেঙে দিয়ে নাজিম উদ্দিন সাগরকে সভাপতি এবং ডা. শফিকুল ইসলাম পাপ্পুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
তবে নতুন কমিটি ঘোষণার পর পুরাতন কমিটির সভাপতি আনিসের ছেলে আরিফুল ইসলাম আরিফ এতে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে আরিফের সমর্থকরা লোহার রড, কাঠের বাটাম, হকিস্টিক ও হাসুয়া নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে ডা. শফিকুল ইসলাম পাপ্পুসহ ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় বাইরে থাকা কিছু লোক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করলে দুটি মোটরসাইকেল পুড়ে যায়।
নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, এটি কোনো দলীয় বিরোধ নয়, বরং স্থানীয়ভাবে সৃষ্ট একটি সমস্যা। উভয় পক্ষ চাইলে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান সম্ভব।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে; তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন