

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার ছয়ঘরিয়াস্থ লস্কর পেট্রোল পাম্পে জ্বালানি তেল না পেয়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে সাতক্ষীরার প্রধান সড়কে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালকসহ সাধারণ গ্রাহকরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পাম্প থেকে তেল পাচ্ছিলেন না। গ্রাহকদের অভিযোগ, পাম্পে পর্যাপ্ত তেলের মজুদ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ সাধারণ মানুষকে তেল দিচ্ছে না। বিক্ষুব্ধ জনতা দাবি করেন, পাম্প মালিকরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে বঞ্চিত করছেন এবং গোপনে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি করছেন। এই অনিয়মের প্রতিবাদে উত্তেজিত জনতা পাম্পের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাতক্ষীরা সদর থানা পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে দেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলের দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়েছিল। খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানচলাচল পুনরায় শুরু হয়েছে।
তবে সাধারণ মানুষের দাবি, শুধু পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। পাম্প মালিকদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
উল্লেখ্য, সাতক্ষীরায় জ্বালানি সংকট নিয়ে গত কয়েকদিন ধরেই চরম অস্থিরতা বিরাজ করছে। এর আগে গত রাতেও কপোতাক্ষ ফিলিং স্টেশনে একই অভিযোগে সড়ক অবরোধ করা হয়েছিল। দফায় দফায় এই ধরণের অবরোধের ফলে সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন চালকরা দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের দাবি, তেলের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন।
মন্তব্য করুন