শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক 

‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম
নিহত গৃহবধূ শাহিদা বেগম
expand
নিহত গৃহবধূ শাহিদা বেগম

‎কক্সবাজারের পেকুয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম শাহিদা বেগম (২৮)। তিনি একই এলাকার কামাল হোসেনের পুত্র সৌদি প্রবাসী মকসুদ আহমদের স্ত্রী এবং সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার বদিউল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ইসলামি শরিয়া মতে শাহিদা বেগমের সাথে সৌদি প্রবাসী মকসুদ আহমদের বিয়ে হয়। এই দম্পতির ৫ বছর বয়সী পালিত এক কন্যা সন্তান রয়েছে।

ঘটনার দিন সকাল থেকেই তাদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। জুমার নামাজের পর পালিত কন্যাসন্তান মাহি কান্নাকাটি করলে স্থানীয়রা এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।

ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম।

নিহত গৃহবধূর পিতা বদিউল আলম দাবি করেন তার মেয়েকে হত্যা করে পাষণ্ড স্বামী পালিয়ে গেছে। তিনি বলেন, সকাল থেকে আমার মেয়েকে মারধর করে আসছিলো। মারধরের এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে হত্যার আলামত ভিন্নভাবে চালিয়ে দিতে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে পাষণ্ড স্বামী মৃতদেহ ঘরের শয়ন কক্ষে রেখে পালিয়ে যায়। মকসুদ দ্বিতীয় বিয়ে করতে আমার মেয়ে শাহিদার উপর প্রায় সময় মারধর করতো।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে। স্বামী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন