বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম
সাতক্ষীরায় পৃথক দুটি ঘটনায় একদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
expand
সাতক্ষীরায় পৃথক দুটি ঘটনায় একদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সাতক্ষীরায় পৃথক দুটি ঘটনায় একদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার রসুলপুর ও জেলা শহরের কাটিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে শারীরিক অসুস্থতা ও মানসিক চাপকে কারণ হিসেবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রসুলপুরের কদমতলা এলাকায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক নৈশ প্রহরী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি মৃত সামসুদ্দীন মোল্যার ছেলে। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।

ফাল্গুনি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আশরাফুজ্জামান জানান, রাজ্জাক দীর্ঘ ২৫ বছর ধরে তাদের বাড়িতে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। সকালে বাড়ির গেটের পাশের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার স্ত্রী। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

অন্যদিকে, শহরের কাটিয়া এলাকার কর্মকারপাড়ায় সজীব দত্ত (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেন। তিনি তপন কুমার দত্তের ছেলে। পরিবারের দাবি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত হতাশা থেকেই তিনি এ পথ বেছে নিতে পারেন।

সদর থানার এসআই মহাসিন আলী জানান, সজীব সম্প্রতি ঢাকা মেডিকেল থেকে ডাক্তারি পাস করে বাড়িতে ফিরেছিলেন। পরিবারের মতে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুটি ঘটনাই আলাদা এবং তদন্ত চলছে। একটি মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন