বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহুর্তে রাজশাহীতে টুপি-আতরের জমজমাট বাজার

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম
জমে উঠেছে টুপি ও আতরের বাজার
expand
জমে উঠেছে টুপি ও আতরের বাজার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে টুপি ও আতরের বাজার। রাজশাহী নগরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতজুড়ে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে বাড়তি দামের কারণে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রিতে সন্তুষ্ট ব্যবসায়ীরা।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ঈদের শেষ মুহূর্তে রাজশাহী নগরের বিভিন্ন বাজার ও ফুটপাতের দোকানে টুপি ও আতর কিনতে ভিড় করছেন ক্রেতারা। নগরের আরডিএ মার্টেক নিউ মার্কেট জিরোপয়েন্টসহ আশপাশের এলাকায় ফুটপাতের টুপি ও আতরের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। এসব দোকানে ৫০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত দামে বিভিন্ন ধরনের টুপি বিক্রি হচ্ছে। এছাড়া আতরের দাম রয়েছে ৮০ টাকা থেকে শুরু করে প্রায় ৪০০ টাকা পর্যন্ত।

টুপি কিনতে আসা রিফাত হোসেন বলেন, ঈদকে সামনে রেখে বাজারে কিছুটা দাম বেড়েছে। মধ্যবিত্ত মানুষের জন্য ঈদের বাজার করা কিছুটা কষ্টকর। তারপরও ঈদের দিনটিকে সুন্দরভাবে উদযাপন করার জন্য মানুষ টুপি ও আতর কিনে থাকে। আমিও কিনবো দেখে শুনে।

জিরো পয়েন্টে টুপি কিনতে আসা হাফেজ মোহাইমিনুল ইসলাম বলেন, ঈদের সময় বাজারে দাম একটু বেড়ে যায়। আতরের দামও কিছুটা বেড়েছে। তারপরও ঈদের জন্য টুপি ও আতর কিনছি। পোশাক না কিনলেও টুপি ও আতর ঈদের সাজে আলাদা সৌন্দর্য যোগ করে।ছেলেকে নিয়ে টুপি কিনতে আসা রায়হান আলী বলেন, ছেলেকে নিয়ে বাজারে এসেছি। তার জন্য পাঞ্জাবি ও পায়জামা কিনে দিয়েছি। এখন সে নিজেই বলছে একটি টুপি নেবে, তাই ছেলের জন্য টুপি কিনছি। ফুটপাতের দোকানগুলোতে মার্কেটের তুলনায় দাম কিছুটা কম।

নগরের টুপি ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, রমজানের শুরুতে তেমন বিক্রি হয়নি। তবে গত দুই-তিন দিন ধরে বিক্রি ভালো হচ্ছে। ফুটপাতে দোকান হওয়ায় মানুষ কম দামে টুপি কিনতে পারছেন। আমার দোকানে ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে টুপি রয়েছে। আর আতর রয়েছে ৮০ থেকে ৪০০ টাকার মধ্যে।

তিনি আরও বলেন, ঈদের সময় সব কিছুরই দাম একটু বাড়ে। তারপরও আমরা চেষ্টা করছি ক্রেতাদের যেনো কম দামে দিতে পারি।

নিউ মার্কেট এলাকার টুপি দোকানদার জসিম বলেন, এবারের ঈদকে সামনে রেখে টুপি ও আতরের বিক্রি ভালো হচ্ছে। এখন ধীরে ধীরে বাজার জমে উঠতে শুরু করেছে। ক্রেতারা তাদের পছন্দমতো টুপি কিনে নিচ্ছেন। তবে আগের তুলনায় দাম কিছুটা বেড়েছে, বাজারে ভালো মানের টুপি এসেছে।

আরডিএ মার্কেটের আতর বিক্রেতা রফিক বলেন, সামনে ঈদ হওয়ায় আতরের চাহিদা বেড়েছে। অনেকেই এখন আতর কিনছেন। তিনি জানান, ক্রেতাদের কথা চিন্তা করে যতটা সম্ভব কম দামে আতর বিক্রি করার চেষ্টা করছেন তারা।

ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টুপি ও আতরের এই জমজমাট বাজার যেন নগরবাসীর উৎসব প্রস্তুতির স্পষ্ট প্রতিচ্ছবি হয়ে উঠেছে। দামের চাপ থাকলেও আনন্দের অংশ হিসেবে কেনাকাটায় পিছিয়ে নেই মানুষ। শেষ মুহূর্তের এই ব্যস্ততা ও উৎসবের আমেজই জানান দিচ্ছে -দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন