

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা ইতোমধ্যেই কিছু উপদেষ্টা স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (১০ মার্চ) উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, অনেকে হাত, পা ও চোখ হারিয়েছেন একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আশায়।
তিনি আরও বলেন, দেশকে আগের মতো করে চালানোর জন্য জুলাই আন্দোলন হয়নি। বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই মানুষ আন্দোলনে অংশ নিয়েছিল।
জামায়াতের এই নেতা বলেন, যদি কোনো জনপদের মানুষ তাকওয়া অর্জন করে, তবে আল্লাহ তা’আলা সেই এলাকায় রহমত ও বরকত দান করেন। পবিত্র কোরআন নাজিলের কারণেই রমজান মাসের বিশেষ মর্যাদা রয়েছে। এই মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। মানবজাতির জন্য পবিত্র আল কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি কীভাবে পরিচালিত হবে তার দিকনির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমদাদুল হক শাহারুল এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি ডা. এনামুল হক সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তরিকুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন