সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশের আগের রাতে মৃত্যু, ফেল করল সেই শিক্ষার্থী

মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা)
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম
প্রদীপ কুমার। ছবি: এনপিবি নিউজ
expand
প্রদীপ কুমার। ছবি: এনপিবি নিউজ

আগের রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী প্রদীপ কুমার। পরদিন ফল প্রকাশে জানা গেল, সদ্যপ্রয়াত এই শিক্ষার্থী ফেল করেছে। পরীক্ষার ফল জানার আগেই না ফেরার দেশে চলে গেল এই শিক্ষার্থী।

আজ সোমবার (১০ আগস্ট) দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

প্রদীপ মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে। গতকাল রোববার (৯ আগস্ট) রাতে খাজুরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রদীপকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রদীপের সঙ্গে থাকা সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নাগড়া বাজারে ফটোকপির দোকানে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে প্রদীপের পরিবার কিছুদিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় একমাত্র স্বপ্নের সন্তানকে হারিয়ে পরিবারটি এখন শোকে স্তব্ধ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষা ২০২৬