

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এর আগে ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা
ফলাফলে বরাবরের মতো এবারও ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। রাজশাহী বোর্ডে এবার ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ১৩ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে ছাত্রীরা।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের আধিপত্য দেখা গেছে। এবার রাজশাহী বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ১২২ জন ছাত্র।
বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৯৯টি।
এর আগে ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।
ফলে গত সাত বছরের তুলনায় এবারই শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে কম। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, বর্তমান সরকার কোয়ানটিটির চেয়ে কোয়ালিটিতে জোর দিয়েছে। এ জন্য শুরুতে তো একটু ধাক্কা খেতেই হবে। আমরা আশা করছি, সামনে বোর্ডের ফলাফল আরও ভালো হবে।