

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগের দিনই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে হবিগঞ্জের বাহুবলের এক শিক্ষার্থী। পরদিন প্রকাশিত ফলাফলে জিপিএ ৪ দশমিক ১১ পেয়েছে সে। তবে কষ্টার্জিত এই ফল আর নিজের চোখে দেখা হলো না কাজী রেজার।
রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। সে সানশাইন মডেল হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৯ আগষ্ট) দুপুরে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় কাজী রেজা। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ অসুস্থতা মনে করলেও কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেজার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এর মধ্যেই সোমবার প্রকাশিত হয় এসএসসি পরীক্ষার ফল। ফলাফলে রেজার জিপিএ ৪ দশমিক ১১ পাওয়ার খবর আসে। যে ফল নিয়ে পরিবার ও সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা ছিল, সেটিই এখন তাদের কাছে হয়ে উঠেছে বেদনার স্মৃতি।
রেজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী দলে দলে তার বাড়িতে ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখতে। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। চারদিকে কান্না আর নিস্তব্ধতায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
সহপাঠীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, ‘রেজাল্ট এসেছে, কিন্তু আমাদের বন্ধু রেজা আর নেই”এই বাস্তবতা তারা মেনে নিতে পারছেন না।’
পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।