

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা বিদেশিদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পর্যটন ও ব্যবসায়িক ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ কার্যক্রম শুরু হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
নথিতে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের একটি বড় অংশ এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে প্রক্রিয়াটি বাস্তবায়ন করবে।
পরিকল্পনাটি কার্যকর হলে একসঙ্গে এত বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপিকে বলেন, অনেক বিদেশি স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন। পরে তাদের কেউ কেউ দেশটিতে স্থায়ীভাবে থাকার চেষ্টা করেন। এ ধরনের আবেদনকারীদের শনাক্ত করে ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে কতজনের ভিসা শেষ পর্যন্ত বাতিল হবে, তা এখনই নিশ্চিত করেননি পিগোট। তার ভাষ্য, প্রক্রিয়াটি এখনও চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।


