

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রায়েড চিকেনের দোকানে ঢুকে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন তার সহকর্মী ও পরিচিতজনরা।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টায় রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজুর দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, রাতে এক বন্দুকধারী দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় দোকানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাঁদের একজনের পায়ে এবং রাজুর বুকে গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ। পুলিশ জানায়, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় দুজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।
রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর স্বজন, সহকর্মী ও পরিচিতজনরা। তারা জানান, উন্নত ও নিরাপদ জীবনের আশায় কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন রাজু। তবে প্রবাসজীবন শুরুর অল্প সময়ের মধ্যেই বন্দুক হামলায় প্রাণ হারাতে হলো তাঁকে।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত বন্দুকধারীকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা।


