

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট চলতি মাসের শেষে পদ ছাড়ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এ ঘোষণা দিয়েছেন। সন্তান ও পরিবারের সঙ্গে আরও সময় কাটাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিভিটকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ক্যারোলিন এখন থেকে আমার অন্যতম প্রধান বাইরের উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠ হয়ে থাকবেন।’
২৮ বছর বয়সী লিভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন। এর মাধ্যমে তিনি এই পদে দায়িত্ব নেওয়া ইতিহাসের সবচেয়ে কম বয়সী ব্যক্তি হন। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানানো হয়নি।
গত মে মাসে স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে দ্বিতীয় সন্তানের মা হন লিভিট। তাদের একটি দুই বছর বয়সী ছেলেও রয়েছে। গত মাসে মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি কাজে ফিরেছিলেন।
ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিভিট লেখেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের ‘সবচেয়ে সম্মানের ও রোমাঞ্চকর অভিজ্ঞতা’।
তিনি বলেন, ‘মা হওয়া এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি পালন করা ছিল সবচেয়ে আনন্দদায়ক, আবার সবচেয়ে চ্যালেঞ্জিংও।’
লিভিট আরও বলেন, মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে তিনি উপলব্ধি করেন, প্রেস সেক্রেটারির দায়িত্বের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়ার পাশাপাশি তার দুই ছোট সন্তানের প্রাপ্য সেরা মা হওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে ‘ভারাক্রান্ত মনেই’ তিনি হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: বিবিসি

