

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণার কলমাকান্দায় কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমঘড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমঘড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুই গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। কবরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়েও দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছিল। শুক্রবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এম এম এস মাটি জানান, দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষে আহত ৫৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

