

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্যকে ‘ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাক্ষাৎকারে তিনি যুক্তরাজ্যকে ‘পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামি প্রজাতন্ত্র’ বলেও উল্লেখ করেছেন।
ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব মন্তব্য করেন। তার এই বক্তব্যকে ব্রিটেনে বসবাসকারী উগ্র ডানপন্থীদের প্রচলিত ইসলামবিদ্বেষী বক্তব্যের সঙ্গে তুলনা করা হচ্ছে।
সাক্ষাৎকারে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছেলে সাংবাদিক র্যান্ডলফ চার্চিলের ইসরায়েলপন্থী ইতিবাচক সংবাদ প্রচারের প্রশংসা করেন নেতানিয়াহু। এরপর তিনি বলেন, ‘আজকের ব্রিটেনে, যাকে বলা হয় ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন, এমন কিছু খুঁজে পাওয়া যাবে?’
সাক্ষাৎকারের উপস্থাপক নেতানিয়াহুকে প্রশ্ন করেন, তিনি শুধু যুক্তরাজ্যকেই নিশানা করছেন কি না? ইউরোপের অন্য দেশগুলোর পরিস্থিতিও তো একই।
জবাবে নেতানিয়াহু বলেন, ‘হ্যা। তবে কেউ একজন বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামি প্রজাতন্ত্র হবে ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন।’
নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির হয়ে নেসেটে নির্বাচন করতে যাওয়া আভি দাবুশ। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল যখন নজিরবিহীনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন গুরুত্বপূর্ণ এক মিত্রকে উপহাস করার জন্য তিনি নেতানিয়াহুর সমালোচনা করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। বিশেষ করে অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে লেবার পার্টির প্রাথমিক অবস্থানের জন্য ক্ষমা চেয়েছিলেন বার্নহ্যাম। তিনি বলেছিলেন, দলটি ওই বিষয়ে ‘সঠিক অবস্থান নিতে পারেনি’ এবং তার নেতৃত্বে আরও ভালো করতে হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান

