সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলা, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসেতে বিশ্বকাপ উপলক্ষে স্থাপিত একটি ফ্যান জোনের কাছে বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স।

গুলির ঘটনা ঘটে সান পেদ্রো স্কয়ারে, যা সান ফ্রান্সিসকো বে এলাকার অন্যতম জনপ্রিয় জনসমাগমস্থল। বিশ্বকাপের ম্যাচগুলো বড় পর্দায় উপভোগ করতে এখানে নিয়মিত বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী জড়ো হয়ে ওয়াচ পার্টিতে অংশ নিতেন।

তবে হামলার সময় সেখানে কোনো বিশ্বকাপ ম্যাচের সম্প্রচার চলছিল না। সেদিনের একমাত্র ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২টার মধ্যেই শেষ হয়ে যায়।

সান হোসে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সাদা চাদরে আংশিক ঢেকে স্ট্রেচারে করে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার কারণে আশপাশের অধিকাংশ বারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী জানান, আহত ব্যক্তি তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তার ঘাড় ও পিঠের ওপরের অংশে রক্ত দেখা যাচ্ছিল। এ সময় পুলিশ নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার তথ্য সংগ্রহ করে।

উল্লেখ্য, বিশ্বকাপ উপলক্ষে সান ফ্রান্সিসকো বে এলাকাজুড়ে কয়েক ডজন ফ্যান জোন স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করতে জড়ো হচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup