সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি
expand
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। এরই মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবেহ।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে।

আদালতে জমা দেওয়া আবেদনে প্রসিকিউটররা বলেন, প্রাথমিক প্রমাণেই হত্যাকাণ্ডের নির্মমতা স্পষ্ট। এ কারণে অভিযুক্তকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার দাবি জানানো হয়েছে।

নথি অনুযায়ী, হিশাম আবুঘরবেহ’র বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। তদন্তকারীরা ধারণা করছেন, তাকেও হত্যা করে দেহ গুম করা হয়েছে।

২৬ বছর বয়সী অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে এবং পরবর্তী শুনানি পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছে। এদিকে, তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে হিলসবরো কাউন্টি পাবলিক ডিফেন্ডার অফিস থেকে।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়েছে, অপরাধের ধরন অত্যন্ত সহিংস এবং অভিযুক্তকে মুক্তি দিলে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই কোনো শর্তেই তাকে জামিন দেওয়ার সুযোগ নেই বলে তারা মত দিয়েছেন।

হত্যার অভিযোগ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে মরদেহ গোপন, প্রমাণ নষ্ট, অবৈধভাবে আটকে রাখা ও হামলার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, লিমন ও অভিযুক্তের অ্যাপার্টমেন্টে রক্তের চিহ্ন পাওয়া গেছে। সেই নমুনার সঙ্গে নিখোঁজ নাহিদা বৃষ্টির ডিএনএ মিলেছে বলে পরিবারকে জানানো হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। তথ্যসূত্র: সিএনএন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন