মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম ব্লক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৩:১৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কাশ্মিরে চলমান বিক্ষোভ নিয়ে নির্বাচিত প্রতিবেদন প্রকাশের জেরে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আল-জাজিরা ইংলিশসহ একাধিক স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ব্যবহারকারীদের প্রবেশাধিকার সীমিত এবং ব্লক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর কথিত দমন-পীড়নের খবর প্রকাশের দায়ে বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমকে লক্ষ্য করেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করেছেন, পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাও ব্লক করা হয়েছে।

তাদের দাবি, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমের পিওকে বিক্ষোভ নিয়ে ‘বাছাই করা’ (selective) প্রতিবেদন প্রকাশের বিষয়টি নজরে নেওয়ার কথা জানিয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলমান অস্থিরতা নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রকাশের পর ডিজিটাল সেন্সরশিপ আরও জোরদার করা হয়েছে।

এর আগে, রোববার (২ আগস্ট) পর্যন্ত পিওকেজুড়ে বিক্ষোভ অব্যাহত ছিল। এছাড়া ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ দেশের আরও কয়েকটি এলাকায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাংবিধানিক পরিষদ নির্বাচন ধাপে ধাপে ১০ আগস্ট পর্যন্ত চলবে। নির্বাচনকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। জুন মাস থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন