

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গেলেনঝিকে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সোমবার (০৩ আগস্ট) রাশিয়ার কর্তৃপক্ষ জানায়, গেলেনঝিক রিসোর্ট এলাকার আরখিপো-ওসিপোভকা সৈকতে ড্রোনটি আঘাত হানে। ঘটনাস্থলে বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতেও সৈকত এলাকায় ড্রোন আঘাত হানার দৃশ্য দেখা গেছে।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এ ঘটনাকে ‘বেসামরিক মানুষের ওপর ইউক্রেন সরকারের ইচ্ছাকৃত হামলা’ বলে দাবি করেছেন। তার মতে, নিহত ও আহতদের সঙ্গে কোনো সামরিক স্থাপনার সম্পর্ক ছিল না।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তিন শিশুসহ ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেনের উভয় পক্ষই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু না করার দাবি করে আসছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। ইউক্রেনের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত জ্বালানি অবকাঠামো ও সামরিক সরবরাহব্যবস্থা, বেসামরিক স্থাপনা নয়।
সূত্র: রয়টার্স