শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসানীতিতে বড় পরিবর্তন আনল আমিরাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসানীতিতে নতুন পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ১৪ ও ৬০ দিনের এন্ট্রি ভিসার আওতায় আরও ছয়টি দেশের নাগরিককে আবেদন করার সুযোগ দিয়েছে। ফলে এখন আরও বেশি ভ্রমণকারী সহজেই আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ সুবিধার আওতায় আসছেন। এর আগে এই সুবিধা কেবল নির্দিষ্ট যোগ্য ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল।

একই সঙ্গে ভিসার জন্য যোগ্য আবাসিক দেশের তালিকাও সম্প্রসারণ করা হয়েছে। আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর বৈধ বাসিন্দারা এ সুবিধা পেতেন। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার বৈধ বাসিন্দারাও।

এদিকে দুবাই ভ্রমণ আরও সহজ করতে সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা অনুমোদনের সময়সীমা কমানো হয়েছে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন সংস্থার মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের ট্যুরিস্ট ভিসা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন পাওয়া যাবে।

দুবাই কর্তৃপক্ষ সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসা পাওয়ার শর্ত সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে।

যদি সম্পত্তির একাধিক মালিক থাকেন, তাহলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে। তহলেই তারা আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন, তাদের জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু বিশেষ পরিস্থিতি শেষ হয়ে গেছে, তাই যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের আগে তাদের ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে। দুবাই সরকার চিকিৎসার উদ্দেশ্যে আগত বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স–দুবাই এবং দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারক সই করেছে।

এর মাধ্যমে চিকিৎসা পর্যটকদের জন্য ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে রোগীদের আগমনের আগে থেকে চিকিৎসা ও পরবর্তী সেবার পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: খালিজ টাইমস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup