মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েন, ইরানে পরমাণু হামলার শঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:০৭ পিএম আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১১:০৮ পিএম
বি-৫২ বোমারু বিমান
expand
বি-৫২ বোমারু বিমান

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। মিত্র দেশ যুক্তরাজ্যের মাটিতে শক্তিশালী বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এসব বিমানের কিছু পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম হওয়ায় আন্তর্জাতিক মহলে পারমাণবিক সংঘাতের উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (৯ মার্চ) ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে তিনটি বি–৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান অবতরণ করে। গ্লুচেস্টারশায়ার এলাকায় অবস্থিত এই ঘাঁটিতে মার্কিন বিমানগুলোর আগমনের খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭২ ঘণ্টায় ইংল্যান্ডের আকাশে সামরিক বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে এই প্রথম বি–৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান মোতায়েন করা হলো। যুক্তরাষ্ট্রের এই সাবসনিক বোমারু বিমানগুলো ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন সংঘাতে অংশ নিয়েছে।

বি–৫২ বোমারু বিমানের কিছু ইউনিট যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অধীনে পরিচালিত হয়, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে প্রয়োজন হলে এগুলো প্রচলিত আকাশ-থেকে-ভূমি অস্ত্র ব্যবহার করেও হামলা চালাতে পারে।

এর আগে শুক্রবার থেকেই ওই ঘাঁটিতে চারটি বি–১বি ল্যান্সার বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। সুপারসনিক এই যুদ্ধবিমানগুলো দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম এবং একসঙ্গে ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পর সেখানে আরও দুটি মার্কিন বিমান অবতরণ করেছে। রোববার প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আগে আসা বি–১বি ল্যান্সার বোমারু বিমানের পাশাপাশি দুটি বোয়িং সি–১৭ গ্লোবমাস্টার–৩ পরিবহন বিমানও ফেয়ারফোর্ডে অবতরণ করেছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন