

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় পড়েছে।
নতুন ছাপানো জাতীয় মুদ্রা বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, বলিভিয়ান বলিভিয়ানো মুদ্রা নিয়ে একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান লা পাজ সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের একটি মহাসড়কে আছড়ে পড়ে। এতে সড়কে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী এবং কতজন সড়কে থাকা যানবাহনের আরোহী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কেন রানওয়ে থেকে সরে গেল-যান্ত্রিক ত্রুটি, আবহাওয়াজনিত সমস্যা নাকি মানবিক ভুল -এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এই দুর্ঘটনায় রাজধানী ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

