বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ভয়াবহ চান্দিপুরা ভাইরাসের আক্রমণ, ২২ শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে চলতি বর্ষা মৌসুমে চান্দিপুরা (সিএইচপিভি) ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে আরও সাত শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানসেরিয়া জানান, এ পর্যন্ত রাজ্যে চান্দিপুরা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। আরও ১১টি নমুনার পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। আক্রান্ত সবাই ১৫ বছরের কম বয়সী শিশু।

তিনি জানান, দেশটির গান্ধীনগর, হিম্মতনগর, পাটান, রাজকোট ও ভাবনগরের সরকারি হাসপাতালে ভর্তি শিশুদের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আক্রান্তদের কোনো একটি নির্দিষ্ট গ্রামে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই সংক্রমণের খবর পাওয়া গেছে।

ভাইরাসটির বিস্তার ঠেকাতে পশুপালন রয়েছে এমন এলাকায় স্বাস্থ্য বিভাগ কীটনাশক ছিটানোর কার্যক্রম চালাচ্ছে। কারণ, চান্দিপুরা ভাইরাস মূলত বালুমাছি ও অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমে ছড়ায়।

দেশটির স্বাস্থ্য বিভাগ সরকারি ও বেসরকারি সব শিশু হাসপাতালকে নির্দেশ দিয়েছে, সংক্রমণের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হবে। প্রয়োজনে অক্সিজেন ও ভেন্টিলেটর সহায়তা দিয়ে চিকিৎসা নিশ্চিত করতে হবে, যাতে একাধিক অঙ্গ বিকল হওয়ার মতো জটিলতা প্রতিরোধ করা যায়।

উল্লেখ্য, চান্দিপুরা এনসেফালাইটিস একটি ভাইরাসজনিত রোগ, যা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে। ১৯৬৫ সালে ভারতের মহারাষ্ট্রের নাগপুর জেলার চান্দিপুরা গ্রামে প্রথম এ ভাইরাস শনাক্ত করা হয়।

সূত্র: দ্য হিন্দু

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন