বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের রাজধানীতে ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১:১৫ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংসদ মার্গে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে। এর জেরে বিক্ষোভকারীদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।

দিল্লি পুলিশের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেলের কাছে বিক্ষোভকারীদের একটি অংশ উশৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী এক পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধর করেন বলেও অভিযোগ করেছে পুলিশ।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। তারা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সহিংসতা আন্দোলনের উদ্দেশ্য ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ সময় লাউডস্পিকার সংযুক্ত একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘুরিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন