

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা।
তিনি বলেছেন, ‘বাংলাদেশে একজন এমপির পদ চলে যেতে পারে, এ ভাবনা একেবারেই নতুন। কাজেই, ক্ষমতাই শেষ নয়। এ এক বিরাট বার্তা, সাধু সাবধান!’
বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গাজী নজরুলকে বহিষ্কারের মাধ্যমে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
সর্বমিত্র চাকমা লিখেছেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটা স্পষ্ট এবং ভালো বার্তা দিয়েছে। তারা কিছুটা কালক্ষেপণ করে হলেও তাদের তিন বারের এমপি, একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে তার সংসদ সদস্য পদও বাতিল হতে পারে। বাংলাদেশে একজন এমপির পদ চলে যেতে পারে—এ ভাবনাই একেবারেই নতুন। কাজেই, ক্ষমতাই শেষ কথা নয়। এ এক বিরাট বার্তা—সাধু সাবধান!’
পোস্টে সর্বমিত্র চাকমা সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দুর্নীতি এবং পরিবারের সদস্যদের টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগের বিষয়ও উল্লেখ করেন।
বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুর্নীতি ও নিজের পরিবারকে টেন্ডার পাইয়ে দেওয়ার খবর দেখেছি।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা প্রত্যেক রাজনৈতিক দলে এমন সত্যনিষ্ঠা ও সততা দেখতে চাই।’
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুহুর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য।