সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলে বহিষ্কার হলেন কলকাতার ইসকন মুখপাত্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) কলকাতা শাখার সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাসকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) নেওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী, তিনি এখন থেকে ইসকনের পক্ষে কোনো গণমাধ্যম, সরকারি সংস্থা বা জনসম্মুখে সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারবেন না। সংগঠনটি জানিয়েছে, অভ্যন্তরীণ নিয়ম ভঙ্গ করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা ইউএনআইয়ের বরাতে জানা যায়, শৃঙ্খলাজনিত এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন রাধারমণ দাস। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাধারমণ দাস নিজেও এক বিবৃতিতে জানান, সংগঠন থেকে তার অপসারণের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে তার মন্তব্য, চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি প্রকাশ্য সমর্থন, এবং বিভিন্ন সামাজিক ও আইনি ইস্যুতে তার অবস্থান।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের সাবেক মন্ত্রী মানেকা গান্ধীকে আইনি নোটিশ পাঠানো, কৌতুক অভিনেতা সুরলীন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করাও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

তবে ইসকন সূত্রের দাবি, মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য মন্তব্যের কারণেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে নিরামিষ মধ্যাহ্নভোজ কর্মসূচির একটি পাইলট প্রকল্প নিয়ে আলোচনায় আসেন রাধারমণ দাস। কলকাতায় ইসকনের প্রস্তুত করা খাবার সরবরাহ এবং খাদ্যতালিকায় ডিম না রাখার বিষয়টি ঘিরে তখন বিতর্ক তৈরি হয়।

তিনি তখন দাবি করেন, নিরামিষ খাবারেও পর্যাপ্ত পুষ্টি পাওয়া সম্ভব এবং সয়াবিন, ডাল, ছোলা ও পনিরের মতো খাদ্য উপাদান প্রোটিনের ভালো উৎস হতে পারে।

তবে ইসকন সূত্র জানায়, এসব বিষয়ে গণমাধ্যমে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে সংগঠনের অনুমোদন ছিল না, যা নিয়েও অসন্তোষ তৈরি হয়।

শেষ পর্যন্ত সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান রাধারমণ দাস। তিনি জানান, ইসকনের নির্দেশনা তিনি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছেন এবং সংগঠনের সাফল্যের জন্য ভবিষ্যতেও শুভকামনা জানাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন