শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন, থাকছে বিশেষ উপহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:২২ পিএম
থালাপতি বিজয়।
expand
থালাপতি বিজয়।

ভারতের তামিল সিনেমার সুপারস্টার থেকে রাজনীতির শীর্ষে উঠে আসা থালাপতি বিজয়ের জনপ্রিয়তা আরো বেড়েছে। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেও ভক্তদের কাছে তার চলচ্চিত্রের আবেদন এতটুকুও কমেনি।

তাই জন্মদিন উপলক্ষে তার অনুরাগীদের জন্য থাকছে বিশেষ চমক। আগামী ১৯ জুন আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিজয়ের ব্লকবাস্টার সিনেমা ‘মার্সাল’।

২২ জুন বিজয়ের জন্মদিনকে সামনে রেখে চেন্নাই ও চেঙ্গালপাট্টুর নির্বাচিত সিনেমা হলে সিনেমাটিআবারো মুক্তি দেওয়া হবে বলে খবর ইন্ডিয়া টুডের। ২০১৭ সালে মুক্তি পাওয়া অ্যাটলি কুমার পরিচালিত ‘মার্সাল’ বিজয়ের ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা।

এতে তিনি একসঙ্গে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন- একজন বাবা এবং তার দুই ছেলের ভূমিকায়। অভিনয়ের বৈচিত্র্য ও গল্পের উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ‘মার্সাল’-এ বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, নিত্যা মেনন, এস জে সূর্য, সত্যরাজ, ভাদিভেলু, কোভাই সারালা, হারিশ পেরাডিসহ আরও অনেক শিল্পী। বিশেষ করে খলচরিত্রে এস জে সূর্যের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। একই সঙ্গে তিন নায়িকার উপস্থিতি সিনেমার বাণিজ্যিক আবেদন আরো বাড়িয়ে দেয়।

‘মার্সাল’ ছিল পরিচালক অ্যাটলি ও বিজয়ের দ্বিতীয় যৌথ সিনেমা। এর আগে ‘থেরি’ দিয়ে এই জুটি দারুণ সাফল্য পেয়েছিল। পরে তারা আবার একসঙ্গে কাজ করেন ‘বিগিল’-এ। অনেকের মতে, অ্যাটলির পরিচালনায় বিজয়ের ‘ম্যাস’ ইমেজ নতুন উচ্চতায় পৌঁছায় এবং ‘মার্সাল’ সেই ধারার অন্যতম সেরা উদাহরণ।

মুক্তির পর ‘মার্সাল’ শুধু সাফল্যই নয়, বেশ কিছু বিতর্কেরও জন্ম দেয়। এতে চিকিৎসাব্যবস্থা ও করনীতি নিয়ে কিছু সংলাপ রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। এছাড়া জাদুকরদের একটি সংগঠনও সিনেমার কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানায়।তবে এসব বিতর্ক সিনেমার জনপ্রিয়তায় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং আলোচনা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহও বৃদ্ধি পায়।

এদিকে বিজয় বর্তমানে রাজনীতিতে সক্রিয় এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে তার অভিনয়ে নিয়মিত ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার শেষ সিনেমা হিসেবে ঘোষিত ‘জননায়াগান’-এর মুক্তির তারিখও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন