বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:৪৯ পিএম আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:৫২ পিএম
দিল্লীতে হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ।। ছবি: সংগৃহীত
expand
দিল্লীতে হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ।। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে দিল্লির মালব্য নগরে ফ্লোরিশ স্টে হোটেলের বেসমেন্টে অবস্থিত রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুনটি পাশের মিকাসা ইন নামের হোটেলেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক অগ্নিনির্বাপণ ইউনিট মোতায়েন করা হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল। আগুন লাগার সময় সেখানে দেশি-বিদেশি মিলিয়ে কয়েক ডজন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে অনেকে চিকিৎসার জন্য দিল্লিতে এসেছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক অতিথি কক্ষ থেকে বের হওয়ার সুযোগ পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে কেউ কেউ ভবনের ওপরের তলা থেকে নিচে লাফ দিচ্ছেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, হোটেলটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য কার্যত একটি প্রধান পথ ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ার পর ভেতরে থাকা ব্যক্তিদের অনেকেই আটকা পড়েন।

অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার পরপরই পানি বহনকারী বিশেষ যান, দ্রুত সাড়া দেওয়া ইউনিট এবং অতিরিক্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হোটেলের রেস্তোরাঁয় কর্মরত এক কর্মচারী দাবি করেছেন, একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় অস্বাভাবিকভাবে আগুনের শিখা দেখা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন