

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশিয়ার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় বড় বড় প্রতিষ্ঠানের গুদাম, লজিস্টিক কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে।
রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (০৫ আগস্ট) কিয়েভে কয়েক দফা বিস্ফোরণের পর বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, একটি রেলস্টেশন, কয়েকটি গুদাম ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া এ হামলায় অন্যান্য বেসামরিক স্থাপনাও ধ্বংস হয়েছে।
তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রাণহানি বেড়েছে। দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আবারও আহ্বান জানান তিনি।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া ১১৫টি ড্রোন, ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ড্রোনের প্রায় ৯০ শতাংশ ভূপাতিত করা গেলেও কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভ ও আশপাশে সাতটি লজিস্টিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলো সামরিক কাজে ব্যবহৃত পণ্য ও ড্রোনের যন্ত্রাংশ সংরক্ষণ বা বিতরণে ব্যবহৃত হচ্ছিল।
হামলায় ইউক্রেনের বৃহত্তম হোম ইমপ্রুভমেন্ট চেইন ‘এপিসেন্ত্র’ এর দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ও একটি কারখানা ধ্বংস হয়েছে। শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা ‘রোজেতকার’ সহ-প্রতিষ্ঠাতা ইরিনা চেচোতকিনা জানান, তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের প্রধান স্থাপনা পুড়ে গেছে।