মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ভয়াবহ টাইফুন ‘বাভি’, তিন দেশে সতর্কতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম
ফাইল ছবি
expand

শক্তিশালী টাইফুন ‘বাভি’ জাপানের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়ে তাইওয়ান ও চীনের দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, দমকা হাওয়া, বন্যা ও ভূমিধসের আশঙ্কায় জাপান, তাইওয়ান ও চীনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর টাইফুনটি তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়ের প্রভাবে ওকিনাওয়া প্রিফেকচারের ইশিগাকি দ্বীপে প্রবল বাতাসে রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে যায়।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। দমকা হাওয়ার গতি ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। উত্তাল সমুদ্রের কারণে উপকূলীয় এলাকাগুলোতেও সতর্কতা জারি রয়েছে।

পর্যটনকেন্দ্র ইশিগাকিতে শনিবার সারাদিন সব ধরনের বিমান ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া ৩৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে ওকিনাওয়ায় ২৪ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে, তাইওয়ানে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পার্বত্য অঞ্চল থেকে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

টাইফুনটি সরাসরি আঘাত হানার সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও প্রায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এ কারণে শনিবার তাইওয়ানের অধিকাংশ শহর ও কাউন্টিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে ৯২০টি আন্তর্জাতিক এবং ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর-দক্ষিণ হাই-স্পিড রেল চলাচল অব্যাহত থাকলেও সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, রোববার ভোরে টাইফুন ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলীয় ওয়েনজু শহরে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। প্রায় এক কোটি মানুষের এই শহরে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসন জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank