বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কাছে মার্কিন প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি কূটনৈতিক উদ্যোগের কথা সামনে এসেছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে।

ইসলামাবাদের একাধিক জ্যেষ্ঠ সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের পাঠানো একটি নথি ইরানি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে পাকিস্তান সেই প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে।

এদিকে আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হতে পারে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র একটি বিস্তারিত যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। তবে ইরান এই দাবিকে অস্বীকার করে বলেছে, এখন পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বেশ কিছু কঠোর শর্ত রয়েছে। এর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা বন্ধ ও ধ্বংস করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র পূর্ণ নজরদারি নিশ্চিত করা এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা উল্লেখযোগ্য। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার লিখিত অঙ্গীকার দিতে বলা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করতে হবে। ক্ষেপণাস্ত্রের পরিসর ও সংখ্যা সীমিত করতে হবে এবং হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত রাখতে হবে, যাতে এটিকে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ব্যবহার করা যায়।

বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানকে কিছু সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে বুশেহরে বেসামরিক পারমাণবিক প্রকল্পে সহযোগিতা, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া প্রস্তাব অনুযায়ী, আলোচনা চলাকালে এক মাসের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে হোয়াইট হাউস বা ইরান—কোনো পক্ষই এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট নিয়ে উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন