বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুস্তির মঞ্চেই প্রাণ গেলো বলী হেলালের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম
হেলাল উদ্দিন মজুমদার
expand
হেলাল উদ্দিন মজুমদার

কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতার মঞ্চে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইরত অবস্থায় অসুস্থ হয়ে হেলাল উদ্দিন মজুমদার (৫৩) নামের এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসাসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

মৃত হেলাল উদ্দিন লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বলী হেলাল’ নামে পরিচিত ছিলেন। কোঁয়ার বাজারে তাঁর একটি মুদিদোকান ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিযোগিতার একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তিরত অবস্থায় হেলাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর নড়াচড়া বন্ধ হয়ে যায়।

বিষয়টি টের পেয়ে রেফারি ও আয়োজকেরা দ্রুত খেলা বন্ধ করেন এবং তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খেলার একপর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড় তাঁকে মাটিতে ফেলে দেন এবং একটি পা ধরে কিছুদূর টেনে নিয়ে যান। এরপরই হেলাল উদ্দিন নিস্তেজ হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে গত সোমবার ওই কুস্তি টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। দ্বিতীয় দিনের খেলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কয়েক'শ দর্শক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন