বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:০৫ এএম
বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি
expand
বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি

ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসলামি বিপ্লবী গার্ডস করপোরেশন (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, সোলেইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।

সোলেইমানি গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম তদারকি করতেন।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, তিনি বাসিজ বাহিনীর জনগণভিত্তিক ও জিহাদি কাঠামো আধুনিকায়ন, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং অসহায়দের সহায়তা প্রদানে ‘কৌশলগত ও অতুলনীয় ভূমিকা’ পালন করেছেন।

এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে আইআরজিসি জানিয়েছে, এটি প্রমাণ করে বাসিজের গুরুত্ব এবং মার্কিন সন্ত্রাসী বাহিনী ও জায়নিস্ট শাসকগোষ্ঠী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে বাসিজের অবদান অপরিসীম।

সোলেইমানির মৃত্যুর পর আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শহীদ নেতাকে হত্যাকারীদের জানিয়ে দিতে চাই, বাসিজ কখনো শহীদ নেতাদের, কমান্ডারদের বা জনগণের শহীদ সদস্যদের রক্ত ত্যাগ করবে না। বরং তাদের মৃত্যু ইরানি জাতি ও সব বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্প দ্বিগুণ করবে।’

আইআরজিসি আরও জানিয়েছে, সোলেইমানিসহ শহীদদের স্মৃতিতে বাসিজ বাহিনী এবং ইরানি জাতি ‘প্রতিরোধের পথ অব্যাহত রাখার জন্য আরও দৃঢ় হবে’।

এদিকে, এই হত্যার দায় স্বীকার করেছে ইসরাইলি বাহিনী। তারা দাবি করেছে, সোলেইমানির মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কাঠামোর’ ওপর একটি বড় আঘাত এবং ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত রাখার’ অঙ্গীকারের অংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন