শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় থানা বিএনপির আহ্বায়কের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে হামলা ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পেছনে তার বাসভবনে এ ঘটনা ঘটে।

সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর মায়ের কক্ষের থাই গ্লাস ভাঙার শব্দ শুনে তিনি বারান্দায় যান। এ সময় চারটি মোটরসাইকেলে হেলমেট পরা ৭ থেকে ৮ জনের একটি দল তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছিল বলে তিনি দেখতে পান। তিনি ধাওয়া করার চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এস এম রেজা চৌধুরী সেলিম দাবি করেছেন, ডেমরা থেকে মাদক নির্মূলে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে মাদক কারবারিরা তার বাড়িতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেমরা থেকে মাদক নির্মূলের জন্য তিনি ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মাদক কারবারিদের আটক করে পুলিশে দেওয়া এবং মাদক কারবারের বিরুদ্ধে প্রকাশ্যে ভূমিকা রাখার কারণে মাদক কারবারিরাই এ হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন।

সেলিম রেজা আরও বলেন, রাতের অন্ধকারে গুলি ও সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে ভয় দেখালেও কোনো লাভ হবে না। যেভাবেই হোক, এসব মাদক কারবারির ঠাঁই ডেমরায় হবে না। এ বিষয়ে ডেমরা থানা-পুলিশকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইফুর রহমান মির্জা বলেন, খবর পেয়ে তিনি সেখানে যান এবং আলামত সংগ্রহ করেন। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ একটি দল কাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন